অনলাইনে পরীক্ষা ও ভর্তি বন্ধ রাখার আহ্বান ইউজিসির
করোনাভাইরাসের কারণে বন্ধের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া, মূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই আহ্বান জানিয়েছে ইউজিসি। অবশ্য আগে থেকেই বন্ধের সময় শিক্ষার্থীদের ক্ষতি সাময়িকভাবে পূরণের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে উৎসাহিত করে আসছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইউজিসি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউজিসি'র পরামর্শ অমান্য করে অনলাইনে পরীক্ষা গ্ৰহণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করছে। এমনকি দেশের এই সংকটময় মুহূর্তে কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ ধরনের কার্যক্রম কোনভাবেই গ্ৰহণযোগ্য নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেমিস্টার ফাইনাল ছাড়া গ্ৰেড প্রদান, মূল্যায়ন এবং কোন ধরনের পরীক্ষা ছাড়াই স্নাতক প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় যা বিধি সম্মত নয়। ইউজিসির সাম্প্রতিক অফিস আদেশে এ ধরনের কার্যকলাপের কথা কোথাও উল্লেখ করা হয়নি।
গুটিকয়েক বিশ্ববিদ্যালয়ের এ ধরণের কার্যক্রম পরিচালনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে এসকল বিশ্ববিদ্যালয়কে অনতিবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ইউজিসি।